নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি বাবুল আহম্মেদ সহ ৪জন কে আটক করেছে থানা পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫আগস্ট ২০২৬) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, মহারাজপুর মধ্যেপাড়া এলাকার মোঃ নুমির প্রামানিক ছেলে মোঃ বাবুল আহম্মেদ (২৮), মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ ওমর ফারুক (১৯), মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ মাহফুজ হোসেন (২১) ও বাঁশবাড়িয়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২)।

লালপুর থানা সূত্রে জানা যায় ২৪ আগস্ট দিবাগত রাত থেকে ২৫ আগস্ট ভোর সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ । অভিযানে মহারাজপুর এলাকার সাগর আহম্মেদের টিনশেড বাড়ি থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকায় মোঃ বাবুল আহম্মেদ, মোঃ ওমর ফারুক, মোঃ মাহফুজ হোসেন ও মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত কে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা করে আসছিল। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।