গ্রাহকের অসাবধনতায় ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা আবু ইউসুফ বাবুল নামে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোর চক্র। সোমবার দুপুরে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, দুপুরের দিকে আবু ইউসুফ বাবুল নামে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশেই জমা ভাউচার লেখার সময় চোর চক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যায়। গ্রাহক সেজে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
টাকার গ্রাহক আবু ইউসুফ বাবুল বলেন, জেলা সাব রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারে ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দেয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে যান। টাকা ক্যাশ কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় একটি চক্র সব টাকা নিয়ে পালিয়ে যায়।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মোঃ শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিল। টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চোর চক্রটিকে সনাক্তের চেষ্টা করছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।