নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। তিনি জানান, রাষ্ট্রপতির সফরের নতুন সময়সূচি আগামী এক-দুই দিনের মধ্যে নির্ধারণ হতে পারে।

এর আগে রাষ্ট্রপতির সফর সামনে রেখে জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছিল। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল। সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছিল। তবে সফরের বিস্তারিত সূচি ও অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা পরে পাঠানোর কথা জানানো হয়।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের এটিই প্রথম সফর হওয়ার কথা ছিল। ফলে সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত সফর স্থগিত হওয়ায় সেই প্রস্তুতি আপাতত থেমে গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

এর পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।