দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ শিশু।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে প্রাণ হারিয়েছে ৯৪৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৮৬ শিশু। একই সময়ে ৮৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সমসংখ্যক রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জনের।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান বলছে, দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগীর চাপ এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশুদের মৃত্যু অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।