সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. জিবুল মিয়া (২২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গ্রেপ্তার জিবুল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা। প্রতিবেশী হওয়ায় তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী কিশোরী তার বসতঘরের শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। ওই সময় তার বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে জিবুল মিয়া ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি কিশোরীর হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর কিশোরীর মা তাকে দেখতে পেয়ে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে কিশোরী তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন।
র্যাব জানায়, মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ অভিযানিক দল রোববার সন্ধ্যায় মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. জিবুল মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিবুল মিয়া জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।