রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষের সমান মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের সকল ধর্ম, বর্ণ এবং মতপথের মানুষকে একীভূত করে কাজ শুরু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে নিজ এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার সংলগ্ন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রেস সচিব জানান, দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এমনকি তাঁর নিজের পরিবারও এই ব্যবস্থার বাইরে থাকবে না। সমাজের বিভিন্ন পেশাজীবী—যেমন শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকদের জন্য আলাদাভাবে জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আবু আবদুল্লাহ মো. সালেহ শিবলী বলেন, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ শিবলী বলেন, রাজনীতিতে ভিন্নমত বা মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়, তবে তা দেশ ও দলের বৃহত্তর স্বার্থের পরিপন্থী হওয়া উচিত নয়। ফরিদগঞ্জেও দলীয় কিছু দূরত্ব বা বিভেদ দ্রুত দূর করে সকলকে ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আপনারা দলের দুঃসময়ে পাশে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথ মাতিয়ে রেখেছেন। দিনশেষে দেশের ও দলের স্বার্থে আমরা সবাই এক। সামনে আমাদের জন্য আরও ভালো সময় আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন ও ফজলুর রহমান, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল ব্যাপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিভলু, পৌর ছাত্রদল নেতা আশিক পাটওয়ারী প্রমুখ।
এর আগে প্রেস সচিব গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।