দেশে হামের প্রাদুর্ভাব থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় আরও ৮৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। ফলে উপসর্গ ও নিশ্চিত—দুই ধরনের মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮।

একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৪৮৭ জন। আর হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত পাঁচ মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। তারা শিশুদের টিকাদান নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।