গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে স্বাধীনতার কবি শামসুর রাহমানকে। শনিবার বিকেলে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বওে এই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিতাস আবৃত্তি সংগঠনের সাবেক সহকারী পরিচালক স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুজন সরকার এবং আবৃত্তি সংগঠক ফাহিমা সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক উত্তম কুমার দাস।

কবি শামসুর রাহমানের জীবন ও সৃজনশীলতা নিয়ে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিসেবী অধ্যাপক মোমিন খান, উন্নয়ন সংগঠক তাপসী রায়, তরুণ উদ্যোক্তা কাজী জসীম উদ্দিন ও সোনালী সকালের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ আহমেদ।

এ সময় একক আবৃত্তি করেন সাবিহা বিনতে শামীম, সামিহা বিনতে শামীম, স্পন্দন কর, ঝুম বিশ্বাস, ফারিহা আফরোজ জেসি,তায়িবা জামান ওহি,লুবাবা মাহজুজা,আপন বিশ্বাস, অর্পা মিত্র ভৌমিক, মোজাম্মেল আহমেদ, তাসফিয়া ইসলাম প্রমি, ফারদিয়া আশরাফী নাওমি, ফাহিমা সুলতানা, আনিসুর রহমান সানজিয়া আফরিন ও মোঃ সুজন সরকার।

তিতাস আবৃত্তি সংগঠন সহকারী পরিচালক সুজন সরকার জানান, কবি শামসুর রাহমানের প্রয়াণের পর থেকেই প্রয়াণ দিবসে তিতাস আবৃত্তি সংগঠন তাকে স্মরণ করে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার কথা ও কবিতার মাধ্যমে তাকে স্মরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বপন কুমার দেবনাথ বলেন, বাঙালির ভাষা আন্দোলন, স্বাধীকার, স্বায়ত্তশাসন ও মুক্তিযুদ্ধের সময় কবি শামসুর রাহমানের লেখা কবিতা প্রেরণা যুগিয়েছ। তাঁর কবিতা ও লেখা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে সহায়তা করে। তিনি স্বাধীনতার কবি হিসেবে সমাদৃত।