হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে একই বাঁধে ফের ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙন দিয়ে দ্রুতগতিতে লোকালয়ে পানি প্রবেশ করছে।
রোববার দুপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে আশপাশের এলাকায় পানি ঢুকতে শুরু করে।
এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধে ভাঙন দেখা দিলে হবিগঞ্জ সদর ও আশপাশের এলাকার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে ওই এলাকার বাসিন্দাদের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান।
পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের কাজ শুরু করলেও কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সময়মতো বাঁধের সংস্কার ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলে একই স্থানে ফের ভাঙনের ঘটনা এড়ানো সম্ভব হতো।
এদিকে নতুন করে বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বাঁধের ভাঙন বন্ধ করে লোকালয়ে পানি প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।