বাংলাদেশে ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও নবীনগর উপজেলায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রামের পরিচালক শেখ মোঃ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় ২২ আগষ্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ড (প্রথম ডোজ) এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ) টিকাদান কর্মসূচী চলবে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জনকে খাওয়ানো হবে এই টিকা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ৪ লাখ ২১ হাজার ৪৬০জন এবং নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের ৬০ ওয়ার্ডে ৬ লাখ ৩ হাজার ৪৯জন জনকে এই টিকা খাওয়ানো হবে। তবে ১ বছরের কম বয়সী শিশু ও গর্ভবতী নারীরা এই ক্যাম্পেইনের আওতামুক্ত থাকবে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে টিকাদান কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে ১ হাজার ১২৩জন স্বাস্থ্য সহকারি ও টীম সদস্য এবং ৯৩জন সুপারভাইজার এর দায়িত্ব পালন করবেন। এছাড়াও টিম সদস্যগন বাড়ি-বাড়ি ও ঘরে ঘরে গিয়ে মানুষকে টিকা দিবেন।
