ব্রাহ্মণবাড়িয়ায় দোকান ভাড়ার সিকিউরিটির টাকা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল বাজারে জিল্লু মিয়া ও ইয়াছিন মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বি-সরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধল ইউনিয়নের বুধল বাজারে জঙ্গিলিসার সিরাজনগর গ্রামের জিল্লু মিয়ার মার্কেট একটি দোকান ভাড়া নিয়েছিলেন বুধল গ্রামের ইয়াছিন মিয়া। সম্প্রতি ইয়াছিন মিয়া দোকান ছেড়ে দেয়। কিন্তু জিল্লু মিয়া ভাড়াটিয়া ইয়াছিন মিয়াকে দোকান ভাড়ার সিকিউরিটির টাকা ফেরত দেয়নি।

এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম বলেন, অর্থের লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।