দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পড়ানো হয়।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দরবার হলে নির্ধারিত মঞ্চে উপস্থিত হন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হলো। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।