ময়মনসিংহের গফরগাঁওয়ে খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন হতে হবে এবং উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শও দেন ইউএনও।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনা ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।