বর্তমান প্রজন্মের তরুণ সমাজকে মাদক এবং অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এই স্লোগানকে সামনে রেখে পুরান বাজারের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।
সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও প্রীতিস্বরূপ চকলেট বিতরণ করা হয়। প্রযুক্তির যুগে মাঠবিমুখ তরুণদের পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৯শে আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের পুরান বাজারের টিএন্ডটি মাঠে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান। এ সময় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ‘টিম বিজয়ী’-এর একদল তরুণ ও উদ্যমী স্বেচ্ছাসেবক।
উদ্যোগটি সম্পর্কে বলতে গিয়ে তানিয়া ইশতিয়াক খান বলেন, “শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র এই ধরনের ইতিবাচক সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকরা সংগঠনের এমন সময়োপযোগী ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।