জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের অভিযোগে তিনটি কৃষি উপকরণ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পৌর শহরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।


অভিযানে দেখা যায়, কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা হয়েছে এবং ইউরিয়া সার সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে, যা কৃষকদের জন্য কষ্টদায়ক এবং আইনবিরোধী।

অভিযানে মেসার্স নিখিল চন্দ্র সাহাকে সারের অতিরিক্ত দাম রাখার দায়ে ১০ হাজার টাকা, মেসার্স সৌরভ ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ন কীটনাশক রাখার দায়ে ২ হাজার টাকা এবং অপর একটি দোকানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে কৃষি উপকরণ বিক্রির আহ্বান জানান।

অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রতন মিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।