মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নোয়াখালীর নয়টি থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এসব কর্মসূচি ও অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জেলার বিভিন্ন থানায় আয়োজিত র্যালি ও সমাবেশে জনপ্রতিনিধি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ২১টি স্থানে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে হাতিয়া থানায় ২০ গ্রাম গাঁজাসহ দুজন, বেগমগঞ্জে ২২২ পিস ইয়াবাসহ তিনজন, সোনাইমুড়ীতে ১০ গ্রাম গাঁজাসহ তিনজন এবং চরজব্বর থানায় সাত পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, এসব ঘটনায় চারটি নিয়মিত মামলা হয়েছে এবং ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সুধারাম মডেল থানা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, একই কার্যক্রমে মাদকসংক্রান্ত অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে—একজনকে চার দিন, একজনকে তিন দিন এবং অপরজনকে ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদক নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।