বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল আমিন খসরুর নেতৃত্বে র‌্যালিটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধনকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা বিএনপির দক্ষিণের সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন।

র‌্যালিতে জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক চৌধুরী ধ্রুবের নেতৃত্বে একটি মিছিল র‌্যালিতে যোগ দেয়।

র‌্যালি শেষে রেলওয়ে ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে মো. শহীদুল আমিন খসরু কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।

কর্মসূচিকে ঘিরে নগরীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।