দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
ভোটার ৩৪৯, ভোট দিচ্ছেন ৩৪৮ এমপি
বর্তমানে চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় সংসদ সদস্যের মোট সংখ্যা ৩৪৯ জন। তবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে থাকায় ভোট দিচ্ছেন ৩৪৮ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের জন্য প্রয়োজন ১৭৫ ভোট। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিপক্ষে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচিত হলে তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে এবং মন্ত্রীর পদ থেকেও তাকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দিতে পারবেন না।
প্রকাশ্য ভোট, থাকবে চার ব্যালট বাক্স
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ কক্ষে চারটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দেবেন। ব্যালটে ভোটদাতার নাম এবং তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকবে।
ভোটগ্রহণের আগে সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে নির্ধারিত স্থানে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিব ও সংসদ সচিবালয়ের সচিব অবস্থান নেন। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দিচ্ছেন।
নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য নির্বাচন কমিশন থেকে ২০ জন কর্মকর্তার তালিকাও সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
১৯৯১ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটাভুটি হচ্ছে। এর আগে অধিকাংশ নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ বিরতির পর এবার আবারও একাধিক প্রার্থী থাকায় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সরাসরি ভোটাভুটির মাধ্যমে।