বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের আহ্বায়ক রাগীব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হাসান মামুন, আবু বকর সিদ্দিক স্বপনসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতিহাস স্মরণ করেন। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সক্রিয়তা বাড়াতে হবে। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।