পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান প্রায় নয় মাস পর স্ত্রী বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার (১৯ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি কারাবন্দি ইমরান খানকে সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে চিকিৎসার জন্য তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
ইমরানের বোন নূরিন নিয়াজি চলতি বছরে প্রথমবারের মতো ভাইয়ের সঙ্গে দেখা করেন। কারাগারের কনফারেন্স কক্ষে তাদের প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় ইমরানের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নূরিন তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনার কথাও জানান।
তবে সাক্ষাতের বিস্তারিত প্রকাশ করা হয়নি। আদালত সংশ্লিষ্টদের সতর্ক করে জানিয়েছে, পারিবারিক সাক্ষাৎ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া সাক্ষাতের সুবিধা প্রত্যাহার করা হতে পারে।
এদিন ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং চাচাতো ভাই কাসিম জামানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
এর আগে মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দি বুশরা বিবি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ইমরান ও বুশরার মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সাক্ষাৎ হয়।
বুশরা বিবি এর আগে তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন। মুসা ও মুবাশশারা বুশরার আগের সংসারের সন্তান।
২০২৩ সাল থেকে কারাগারে ইমরান
ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা রয়েছে। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে ইমরান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
এদিকে স্বাস্থ্যগত কারণে ইমরান খানকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলার কথা রয়েছে।
