সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে তিন মাসব্যাপী মানবিক সহায়তা কর্মসূচির সমাপনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৯ নম্বর সুরমা ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সুরমা ভিএইচআই প্রাঙ্গণ ও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।
ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, অকাল বন্যায় সুনামগঞ্জের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেন। এর ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়। বুধবার শেষ দিনের মতো উপকারভোগীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্যোগের সময়ে সরকারি সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুরমা ইউনিয়নের বিপুলসংখ্যক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এ মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তাৎক্ষণিক খাদ্য ও আর্থিক সংকট কিছুটা লাঘব হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রমেও এ সহায়তা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।