জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী দুটি এলাকায় এসব মদ উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ১০৮৭-এর কাছাকাছি সোমনাথপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই রাতে সাড়ে মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, দুই অভিযানে উদ্ধার করা মদের বিষয়ে পৃথকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান ‘জিরো টলারেন্স’। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।