মাদকের বিস্তার রোধ ও অপরাধ দমনে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ মোট ২৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ আগস্ট জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৬টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি নিয়মিত মামলা করেছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমেও মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উঠে এসেছে। জুনে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিলেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।