ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
গত ১৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদও তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে হাসপাতালের ক্যাথল্যাব, কার্ডিওলজি বিভাগ, আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের ভেতরে একটি শিশু হাসপাতালের নির্মাণকাজ চলছে। এ কাজ দ্রুত শেষ করে মানুষের স্বাস্থ্যসেবায় যুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মমেক হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এসব ভবনের নির্মাণকাজ শেষ হলে ময়মনসিংহসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, উপপরিচালক ডা. মোঃ জাকিউল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বিপু, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।