ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ের বাজার করতে এসে হারিয়ে ফেলা ৫০ হাজার টাকা মালিক তাজুল ইসলামের কাছে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নূরুল আমিন।

গত রোববার বিকেলে তিনি শহরের কাউতলী মোড়ে ট্রাফিক বক্সে টাকার মালিক তাজুল ইসলামের হাতে এই টাকা তুলে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম রোববার বিকেলে সিএনজিচালিত অটোরিকসাযোগে জেলা শহরের কাউতলী মোড়ে এসে নামেন। অটোরিকসার ভাড়া দেয়ার সময় তার লুঙ্গির মাঝে কাগজে মোড়ানো রাখা ৫০ হাজার টাকা অসাবধানতাবশত পড়ে যায়।

এ সময় কাউতলী মোড়ে দায়িত্বরত এটিএসআই নূরুল আমিন কাগজে মোড়ানো একটা প্যাকেট পড়ে থাকতে দেখে হাতে নিয়ে খুলে দেখেন তাতে ৫০ হাজার টাকা রয়েছে। পরে তিনি বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ রাসেলুর রহমানকে অবগত করেন।

এদিকে টাকা হারিয়ে খোঁজাখুজি করতে থাকেন তাজুল ইসলাম। পরে তিনি জানতে পারেন এক ট্রাফিক পুলিশ তার টাকা পেয়েছেন।

এ ব্যাপারে তাজুল ইসলাম বলেন, আমার মেয়ের বিয়ের বাজার করার জন্য বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে জেলা শহরে এসেছিলাম। পরে দেখি আমার কাছে রাখা ৫০ হাজার টাকা নেই। অনেক খুঁজাখুজির পর জানতে পারি এক পুলিশ অফিসার আমার টাকা গুলো পেয়েছেন। পরে তার কাছে গিয়ে তথ্য প্রমাণ দিলে তিনি আমাকে টাকা বুঝিয়ে দেন। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এটাই তার প্রমাণ। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এ ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ রাসেলুর রহমান জানান, টাকা পেয়ে এটিএসআই নূরুল আমিন বিষয়টি আমাকে অবগত করেন। পরে আমি বিষয়টি কন্ট্রোল রুমেকে অবগত করি। এরই মাঝে তাজুল ইসলাম তার স্বজনসহ কাউতলী মোড়ে টাকা খুঁজতে থাকে। পরে তাজুল ইসলাম আমাদের জানান তার মেয়ের বিয়ের বাজারের জন্য তার কাছে থাকা ৫০ হাজার টাকা হারিয়ে গেছে। পরে তার দেয়া তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাকে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেই।