ময়মনসিংহের হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজন ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দলিল লেখক সৈয়দ গোলাম মোস্তফা বাবুল ও জুবায়ের হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ ওয়াজেদ আলীর স্ত্রী মোছাঃ হাসনা হেনা।
সোমবার(১৭ আগস্ট) বিকালে হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্ত্রী হাসনা হেনা অভিযোগ করে, প্রতিপক্ষের স্বার্থসিদ্ধির জন্য জীবিত প্রবাসী ওয়াজেদ আলীকে মৃত দেখিয়ে তার নামে থাকা জমি সংক্রান্ত কাগজপত্রে অসত্য তথ্য ব্যবহার করে দলিল প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় দলিল লেখক সৈয়দ গোলাম মোস্তফা বাবুল ও জুবায়ের হোসেনের সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট দলিল প্রস্তুতের সময় প্রকৃত মালিকের পরিচয়, জীবিত থাকা এবং জমির মালিকানা সংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। ফলে ভুক্তভোগী পরিবার জমির মালিকানা ও দখল নিয়ে জটিলতার মুখে পড়েছে বলে দাবি করেন।
ভুক্তভোগী হাসনা হেনা আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে বিতর্কিত দলিলের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।