বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পৌর শহরের কাঁচাবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো এবং জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজু পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাই, উপজেলা ছাত্রদল নেতা মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তেমনি শত জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দলমত নির্বিশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।