নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা মৎস্য দপ্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ।
শোভাযাত্রায় জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্যচাষ নিশ্চিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মানুষকে উদ্বুদ্ধ করতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মাছ চাষে উদ্বুদ্ধকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।