নব্বইয়ের দশকের আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া ঢাকায় আসছেন। আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা সাবেক এই আর্জেন্টাইন তারকা।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ আয়োজনে ৩৬টি স্কুল দলের অংশগ্রহণে গত ৩১ জুলাই শুরু হয় ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ’। আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

Advertisement

ফর্টিস ফুটবল একাডেমিতে সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল। ম্যাচ শেষে বিকেল ৪টায় ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ক্যানেজিয়া ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলটির হয়ে বিশ্বকাপ ফাইনালেও খেলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ৫০টির বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

বাংলাদেশ সফরকালে ক্যানেজিয়া ফর্টিসের ফুটবল একাডেমি ও এর সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ও তৃণমূল ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন। ভবিষ্যতে বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের নিয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানেজিয়ার এই সফর মূলত সৌজন্যমূলক ও অ-বাণিজ্যিক। তাঁর উপস্থিতির মাধ্যমে তরুণ ফুটবলারদের উৎসাহিত করা এবং দেশের বয়সভিত্তিক ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোই আয়োজনের অন্যতম লক্ষ্য।