শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল রানা (২৫) এবং রূপনারায়ণকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে ভিডিও ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পৃথকভাবে সোহেল রানা ও মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও এ ধরনের কর্মসূচির বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।