‎​মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি এই প্রত্যয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নোয়াখালী জেলা শহরে একটি মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎​রবিবার (১৬ আগষ্ট) সকালে ১১ টায় ​সুধারাম মডেল থানা ও নোয়াখালী পৌরসভার ১,২ও ৩নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ এ আয়োজন করেন।

‎এ উপলক্ষ্যে নোয়াখালী ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুধারাম মডেল থানার সম্মুখে এসে শেষ হয়।

‎​র‍্যালি শেষে সুধারাম মডেল থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মোঃ শাহজাহান এমপি এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর বর্তমান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহনেওয়াজ তানভীর।
‎​
‎প্রধান অতিথি মোঃ শাহজাহান এমপি বলেন,মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং এটি একটি পরিবার, সমাজ এবং গোটা রাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকার ঠেলে দেয়। তাই মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের নাগরিকদের নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

‎​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ।