দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, আর একজন করে সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৮০ জনের। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য উল্লেখ করা হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সে হতে পারে, যদিও শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।