নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি: এসএসসি,দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুলেল তোড়া ও ফলজ, ঔষধি গাছ তুলে দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নান্দাইল উপজেলা একাডেমী সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, শিক্ষার্থী অরুন্ধতী পাল প্রজ্ঞা সহ প্রমুখ।
এসময় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫টি মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের পূর্বে প্রতিমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।