সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া রাখালবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া শাকিনস্থ একটি আধাপাকা টিনশেড ঘরের ভেতর কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের অভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে জানায়। পরে তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি স্মার্টফোনসহ আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. মেহেদী হাসান (৩০), পিতা স্বপন মিয়া এবং আবুল আমিন (২৮), পিতা আলতাফুর রহমান।

এদিকে একই দিন রাত আনুমানিক ৪টার দিকে আরেক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বড়কাপন শাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. হায়াদ মিয়া (৩৯), পিতা মৃত হুকুম আলী, সাং উত্তর বড়কাপন, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, তারা 1XBet, CV666-সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলত। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।