ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরসের আখেরি মোনাজাত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। আখেরি মোনাজাতে লাখো মানুষের ঢল নামে। ওরস চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
এদিকে শুক্রবার রাতে মাজার এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সট সার্কিটের ঘটনায় আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নৌকা থেকে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন।
ওরসকে কেন্দ্র করে প্রথম দিনেই হাজার হাজার ভক্তের সমাগম হয়। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ভক্তরা আসতে শুরু করে। ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠে ওরস প্রাঙ্গন। ওরস উপলক্ষে মেলাও বসেছে। এ ওরস হাজার বছরের ঐতিহ্য।
খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য কাজী শরীফ খাদেম জানান, সপ্তাহব্যাপি ওরসকে সামনে রেখে সব ধরণের প্রস্ততি নেওয়া হয়। প্রথম দিন থেকেই প্রচুর ভক্ত আসে।
মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, আনুষ্ঠানিকভাবে ওরস শুরু হয় সোমবার। তবে আরো আগে থেকেই ভক্তরা আসতে শুরু করেন। আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আহত ৮
ওরশ চলাকালে বিদ্যুতের শর্টসার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে মাজারের গ্লাস ভেঙে অন্তত ৮ জন মাজারভক্ত আহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কসবার কালিয়ারা গ্রামের হিরণ মিয়া (৫০), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তাতাইল চর এলাকার মো. ফরিদ গাজী (৫৫), ভৈরবের চন্ডিবের এলাকার নুরুল ইসলাম (৬২), বাজিতপুরের কৈলাক এলাকার মো. মঈন উদ্দিন (৬৫), কসবার ডাবুইর ঘর এলাকার মো. তারু মিয়া (৪৮) ও একই এলাকার মো. ইজু মিয়া (৪৫), নবীনগরের জসিম মিয়া (৬৫) ও মিন্টু মিয়া (৬০)।
তারা প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ ও মাজার কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওরস চলাকালে মসজিদের ভেতরে হঠাৎ বিদ্যুতের সট সার্কিট হয়। এতে উপস্থিত মাজারভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বের হতে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করলে মাজারের গ্লাস ভেঙে ৮ জন আহত হন। ঘটনার পর মাজারে থাকা অস্থায়ী মেডিকেল টিম আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রাত ৯টার দিকে তাদের অ্যাম্বুলেন্সযোগে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা করেছেন। সট
সার্কিটের ঘটনায় মাজারভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন।
নিহত ১
মাজার জিয়ারত করতে এসে নৌকা থেকে পড়ে তাজেল বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারসংলগ্ন রেলসেতুর পাকা ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী। স্বজনরা তার লাশ নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাজেল বিবিসহ প্রায় ৭০-৮০ জন একটি নৌকায় করে বাহুবল থেকে খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারে জিয়ারতের উদ্দেশ্যে আসেন। নৌকাটি মাজারসংলগ্ন রেলসেতুর পাকা ঘাটে ভেড়ানোর সময় তাজেল বিবি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাশ থেকে আসা আরেকটি নৌকা ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা ঘাটে পড়ে যান। এতে তিনি মাথা ও মুখে আঘাত পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় স্বজনেরা আহত অবস্থায় তাজেল বিবিকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পৃথক দুর্ঘটনায় আহত ৮, নিহত ১
আখাউড়ার কল্লা শহীদ মাজার আখেরি মোনাজাতে লাখো মানুষের ঢল