সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ প্রায় ২২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হাসান। এ সময় ডিবি সদস্য মণির হোসেন, ইমরান হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমচোরা গ্রামের বিল্লাল খানের ছেলে মো. সজীব হোসেন (২৪) এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বর এলাকার মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)।
ডিবি পুলিশ জানায়, পলাশ বাজার এলাকায় একটি কাভারভ্যানে তল্লাশি চালিয়ে ৩৭ বস্তা ভারতীয় জিরা ও ৩২ বস্তা ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও কাভারভ্যানের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এর মধ্যে কাভারভ্যানটির মূল্য প্রায় ১০ লাখ টাকা এবং জিরা ও ফুচকার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
ডিবি পুলিশের এসআই মো. সাব্বির হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।