রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন, মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। তাদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

হাসপাতালটি ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা সংযোজনের মাধ্যমে হাসপাতালটির সক্ষমতা দ্বিগুণ হলো।

নতুন ভবনের মাধ্যমে স্নায়ুরোগের চিকিৎসা, রোগী ভর্তি এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবার পরিসর আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।