নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যাহ সড়ক দ্রুত সংস্কার ও নির্মাণের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন কয়েক শতাধিক এলাকাবাসী।
শুক্রবার (১৪ আগষ্ট) সকালে চরপানাউল্যাহ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সড়কটির চরম ভোগান্তিতে থাকা নারী-পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক ভুক্তভোগী অংশ নেন। এ সময় তারা জলাবদ্ধ ও হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া, এই সড়কেই জুলাই যোদ্ধা হাসানের বাড়ি অবস্থিত। এর আগে সড়কটি হাসানের নামে নামকরণের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পটোয়ারী, মনির হোসেন, মরিয়ম, নুর নবী, নার্গিস, হানিফ মোল্লা, শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি মহিমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চরপানাউল্যাহ সড়কের উন্নয়নকাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন