সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সাত এএসপি যারা অবসরে

অবসরে পাঠানো সাত কর্মকর্তা হলেন—

র‌্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী
ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী
পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান
র‌্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরীয়া
ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান
সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।

অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় একই আইনের ৪৫ ধারার আওতায় জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।

সরকারের জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।