রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত আব্দুর রহমান হাই স্কুল সংলগ্ন বস্তি এলাকায় হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তদন্ত করে কারণ নির্ধারণ করা হবে।