ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় ভূমিসেবায় গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গণসচেতনতামূলক কার্যক্রম ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাছরিন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, মুক্তার হোসেন, হৃদয় কামাল এবং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাছরিন নাছরিন সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নামজারি, খাজনা বা ভূমি উন্নয়ন কর, জমির কাগজপত্র, ভূমিসেবা পেতে করণীয় এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে তারা বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, ভূমিসেবা গ্রহনের ক্ষেত্রে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হয়ে নির্ধারিত নিয়মে সেবা গ্রহণ করতে হবে। দালালের মাধ্যমে নয়, অনলাইনের মাধ্যমে নিজ এলাকা থেকেই সরাসরি সরকারি নির্ধারিত পদ্ধতিতে ভূমিসেবা গ্রহণের জন্য জনগণকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং ভূমিসেবা গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সাথে উপস্থিত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতার কথা তুলে ধরেন। কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
