রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান এ সিদ্ধান্ত জানান। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি বৈঠকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মহাসচিবের শূন্য পদে কে দায়িত্ব নেবেন—এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। তিনি দলের নেতাদের সঙ্গে মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

বেলা ১২টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।