বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচের মাটি ধসে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতকাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ব্রিজের নিচের অংশের মাটি সরে গিয়ে এপ্রোচে ধস দেখা দেয়। এতে সন্ধ্যার পর থেকে বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ সড়কে ভারী যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।
খবর পেয়ে বুধবার রাতেই ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। পরে পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচে মাটি ভরাট, জিও ব্যাগ ও বস্তা ফেলার কাজ শুরু করা হয়। নদীর ভাঙন থেকে ব্রিজের সংযোগ সড়কটি রক্ষায় এসব উপকরণ ব্যবহার করা হচ্ছে।
দুপুরে চলমান মেরামতকাজ পরিদর্শন করেন ইউএনও মুরাদ হোসেন। এ সময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও মুরাদ হোসেন বলেন, “ব্রিজের পূর্ব পাশে মাটি ধসে গিয়ে ভারী যান চলাচল বন্ধ হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।”
প্রশাসনের দ্রুত উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে নদীভাঙনের কারণে ভবিষ্যতে একই স্থানে আবারও এ ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
দশানী নদীর ভাঙন অব্যাহত থাকলে শুধু ব্রিজের এপ্রোচ নয়, গুরুত্বপূর্ণ বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে পড়তে পারে। তাই জরুরি মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সুরক্ষা নিশ্চিত করাই এখন স্থানীয়দের প্রধান প্রত্যাশা।