বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সময়সূচি ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

এর আগে ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সেই সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ব্যবহার কমানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকারের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।