সুনামগঞ্জ শহরের উকিলপাড়া পয়েন্টে ‘সৈকত মেগা শপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজু দাস নামে এক কর্মচারী রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে রুবেল মিয়া (—) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে উকিলপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসননগর মাদ্রাসা পয়েন্টের অস্থায়ী বাসিন্দা কাদির মিয়ার ছেলে রুবেল মিয়া বিকেলে সৈকত মেগা শপে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দোকানে কর্মরত শাওন আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি বের করে তাকে আঘাতের চেষ্টা করেন। পরে দোকানের বাইরে গিয়ে ইট দিয়ে প্রতিষ্ঠানের সামনের অংশের কাচ ভাঙচুর করেন।
এ সময় দোকানের কর্মচারী শাওন আহমেদ, রাজু দাস ও নিজু দাস তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার আঘাতে নিজু দাসের মাথায় গুরুতর জখম হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় আহত হন।
ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
সৈকত মেগা শপের মালিক সবুজ চন্দ্র সরকার বলেন, “আমি ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছি। দোকানে কর্মরতদের কাছ থেকে জানতে পেরেছি, রুবেল হঠাৎ দোকানে ঢুকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সে ভাঙচুর চালায় এবং কর্মচারীদের ওপর হামলা করে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্মচারীরা আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।