প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা এস এম জিয়া উদ্দিন হায়দার ফেনী সদর হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নিয়েছেন।

আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি ফেনী সদর হাসপাতালের প্রধান ফটকে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

পরিদর্শনের শুরুতেই তিনি হাসপাতালের হেমোডায়ালাইসিস ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিটের কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন।

পরিদর্শনকালে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলালসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা এস এম জিয়া উদ্দিন হায়দার বলেন, প্রতিটি হাসপাতালে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রত্যেক রোগী তাদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতভাবে পান, সে ব্যবস্থাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফেনী সদর হাসপাতালকে একটি উন্নত ও আধুনিক হাসপাতালে রূপান্তর করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে যেন এই হাসপাতাল থেকেই মানুষ বিভিন্ন ধরনের রোগের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।