নেত্রকোনার মদনে বিভিন্ন অনলাইন পোর্টাল ও বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বুধবার (১২ আগস্ট) মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তিনি বলেন, গত ৯ আগস্ট বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ১০ আগস্ট বিভিন্ন জাতীয় পত্রিকায় তাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি এর প্রতিবাদ জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে।
প্রকাশিত সংবাদে জলমহাল ইজারার আড়ালে চাঁদাবাজি, ইজারাকৃত জলমহলের সীমানার বাইরে সাধারণ কৃষিজমি থেকে হাঁসের খামারি ও শামুক আহরণকারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, উপজেলার ‘ছাঁড়িয়ার বিল’ ও ‘বরদাইর’-এর একাংশ মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি সরকারি নিয়ম অনুযায়ী ইজারা পেয়েছে।
তিনি ওই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সরকারি নীতিমালা অনুসরণ করে নির্দিষ্ট জলমহল থেকে মাছ আহরণের অনুমোদন নিয়েছেন। ইজারাকৃত জলমহলের বাইরে কোথাও থেকে মাছ সংগ্রহ করেননি এবং ব্যক্তিগত বা সাধারণ কৃষিজমি থেকে জোরপূর্বক কোনো ধরনের চাঁদা আদায় করেননি।
অামি প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব সংবাদের কারণে তার সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।