বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এবং ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার
একই কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন
কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
একই দিনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় ধরনের রদবদলের পর ছয় কর্মকর্তাকে বরখাস্তের এ সিদ্ধান্ত প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।