বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবিতে, হাইওয়ে পুলিশের এসপি রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে এবং র্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
গাজীপুর ও কুষ্টিয়ায় নতুন এসপি
অন্য একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অন্যদিকে গাজীপুরের এসপি শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনায় বদলি করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে দায়িত্বের এই রদবদল কার্যকর করা হলো।