নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও গণনাকারী নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। আজ ১২ ই আগস্ট বুধবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান কবির সুইটের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউএনও কার্যালয় ঘেরাও করে। এই বিক্ষোভ মিছিল এবং ভাঙচুরের দৃশ্য ধারণ করতে গেলে মিছিল থেকে হঠাৎ করেই উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এ সময় এনটিভি অনলাইনের লালপুর প্রতিনিধি সজীবুল ইসলাম হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর প্রতিনিধি রাশেদুল ইসলামকে মারধর ও লাঞ্ছিত করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্ডের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে স্বজনপ্রীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পর অভিযুক্ত ছাত্রদল নেতা রায়হান কবির সুইট এবং উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ও জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য একই সময়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসে হামলা ভাঙচুর চালানো এবং সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে।